সেবাদাতাদের সম্মাননা দিলো সেবা এক্সওয়াইজেড

৮ ডিসেম্বর, ২০১৯ ০১:৩৩  
দেশের অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস সেবা এক্সওয়াইজেড আয়োজিত দ্বিতীয় ‘আইপিডিসি-সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ‘এগিয়ে যাওয়ার এই তো সময়’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দিনব্যাপী আইপিডিসি-সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯-এ এসম্যানেজার উদ্বোধন ছাড়াও সেবা প্লাটফর্মে সেবা দিয়ে আসা সার্ভিস প্রোভাইডার ও তাদের এক্সপার্টদের প্রাপ্য সম্মানে এবং পরবর্তী সময়ে আরো ভালো সার্ভিস দেয়ার জন্য উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টির বেশি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের এমএসএম খাতের জন্য সেবা প্লাটফর্ম লিমিটেডের নিও-ব্যাংকিং প্লাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বিকালের সেশনে অনুষ্ঠিত হয় দুটি প্যানেল আলোচনা। প্রথম প্যানেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে ‘ডিজিটাইজেশনের ভূমিকা এবং জিডিপিতে প্রভাব’ শীর্ষক আলোচনায় মডারেটর ছিলেন ‘ব্রেইন স্টেশন ২৩’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির। এ প্যানেল আলোচনায় আলোচক হিসেবে অংশ নেন এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা আশিষ চক্রবর্তী, ইউএস মার্কেট অ্যাকসেসের ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ই-সার্ভিস স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া দ্বিতীয় প্যানেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আলোচনায় মডারেটর ছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসী।